গাজোয়ারি সংস্কৃতির ব্লগ দিবস

December 19, 2009

১.

বারো মাসে তেরো পার্বণ আয়োজনে বাঙালির সুখ্যাতি আছে আগেই । আগের যুগে এই পালা পার্বণগুলোর দিন কাল আচার ইত্যাদি ঠিক করতো মোল্লা-পুরুতের দল । কোথায় কবে চাঁদ, লগ্ন ইত্যাদি হলে কি করতে হবে সেটার বিধান করতেন তারা । এ মুহুর্তে পুরনো উদযাপনগুলোর মধ্যে নতুন বছরের হালখাতা ছাড়া ধর্ম থেকে নয় এরকম কোন দিন খুঁজতে ঐতিহাসিকদের দারস্থ হতে হবে ।

আধুনিক ইতিহাসে বাঙ্গালি নিজের জাতিস্বত্ত্বার অস্তিত্ব খুঁজে পাবার পর এই ধর্মভিত্তিক পার্বণগুলোর পাশাপাশি তাদের জন্য গুরুত্বপূর্ন কিছু ঐতিহাসিক দিনগুলোকে উদযাপন করতে শুরু করে । বায়ান্নোর ভাষা আন্দোলন সম্ভবত এই ক্যাটেগরিতে প্রথম দিকে পড়বে । এর ধারাবাহিকতায় বাঙালি ইতিহাসের হাত ধরে আরো কিছু দিনকে খুজে নেয় উদযাপনের জন্য । যেমন – স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বুদ্ধিজীবি দিবস ইত্যাদি । ঐতিহাসিকভাবে এইসব দিনগুলোর কোনকোনটির ইতিহাসে শোকের প্রলেপ থাকলেও কালের বিবর্তনে এগুলো এখন উৎসবের চেহারা নিয়েই হাজির হয় । একুশে ফেব্রুয়ারির জমায়েত ও সেগুলোর চেহারা চরিত্র দেখলেই এ বিষয়টা পরিস্কার হবে । এগুলোর পরে নব্বুই দশকে বাঙ্গালির পার্বণ সংস্কৃতিতে এনজিও সংস্কৃতির আমদানি হয় । বিভিন্ন আন্তর্জাতিক দিবসের প্রবেশ ঘটে সংস্কৃতিতে । দিবসগুলোতে ঘটা করে রেলি বের করে সেটার ছবি ভিডিও ইত্যাদি তুলে এদিক ওদিক থেকে ফান্ড যোগানেই মূল উদ্দেশ্য এদের । এই সংস্কৃতি এখনও বলবত আছে ।

২.

এই এনজিও সংস্কৃতির সাথে যাযাদির শফিক রেহমান চালু করেন ভালোবাসা দিবসের কনসেপ্ট । সাম্প্রতিক সময় চালু হওয়া এটাই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পার্বণ । একসময়ের স্বৈরাচার বিরোধী শফিক রেহমানের এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৩/র স্বৈরাচার বিরোধী আন্দোলনের আত্মদান পুরো ঢেকে ফেলে ।

তো এই সকল দিবস পালনের পদ্ধতি খেয়াল করলে দুটো বিষয় চোখে পড়ে । একদিকে কিছু দিবস আছে যেগুলো পুরোপুরি জনতার উৎসব । যেমন পহেলা বৈশাখ, ১লা ফাল্গুন । আরেক ধরনের দিবস আছে যেগুলো মূলত সভা সমিতিতে সীমাবদ্ধ । কিছু বিশিষ্ট লোকের বক্তব্য বিবৃতি এবং খুব বেশী হলে সভার আগে বা পরে ক্যাপ-গেঞ্জি চড়িয়ে ফটোসেশনসহ রেলি । এগুলোর মধ্যে মতাদর্শিক ভিত্তির চাইতে মাসলোর হায়ারারকির সর্বোচ্চ ধাপের ইচ্ছেপুরনটাই মুখ্য হয় ।

৩.

বাংলা ব্লগস্ফেয়ারে এই দিবস পালনের হুজুগ ওঠে সামহয়ারইনের তরফ থেকে । ১৪ ডিসেম্বর ২০০৮-এ নোটিশবোর্ডের এক পোস্ট থেকে ব্লগাররা জানতে পারে ১৬ই ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালন করা হবে ! সেখানে বলা হয় –

আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।

এই আমরা কারা সেটারর ব্যাখ্যা ছাড়াই আমরা প্রস্তাবিত দিবসের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি -

ক) একটি ক্ষেত্র তৈরি করা যেখানে মাতৃভাষায় গঠনমূলক লেখালেখি, আলোচনা, সমালোচনা থেকে শুরু করে সাধারণ আলাপচারিতায় মুখর হয়ে উঠবে সাংবাদিক, কবি-সাহিত্যিক, ছাত্র-ছাত্রী সহ সকল পেশার সাধারণ মানুষ, সকলেই । সাথে সাথে সবাইকে, বাংলা টাইপিং এর প্রতি জড়তা কাটিয়ে মাতৃভাষা চর্চায় সহায়তা করা।

(খ) “বাংলা ব্লগ দিবস” পালনের মধ্য দিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের বাংলায় ব্লগিং বা লেখালেখির চর্চাকে উৎসাহিত করা এবং এর প্রসার ঘটানো।

গ) বাঙালি হিসেবে বাংলা ব্লগিং এর একটি নিজস্ব পরিচিতি তৈরি করা ।

ঘ) সামহোয়্যার ইন… কে উম্মুক্ত রাখা যাতে করে ব্লগ কমিউনিটির কাছ থেকে সরাসরি বিভিন্ন মতামত, তথ্য, চিন্তা ভাবনা আদান-প্রদান করা যায় এবং আমাদের ব্লগিং কমিউনিটির কাছ থেকে তাঁদের আগ্রহের বিষয়স্তু সহ অন্যান্য নানা বিষয় সম্পর্কে জানা যায়।

ঙ) পাঁচটি ভালো বাংলা ব্লগ খুঁজে বের করে তা বন্ধুদের সহ পরিচিত সকলকে বলা বা পড়তে উৎসাহী করা যা সকল গর্বিত বাংলাভাষীকে ব্লগিংয়ে উৎসাহিত করবে ।

বলাবাহুল্য, এহেন জ্ঞানগর্ভ অস্ট্রিচ এ্যালগরিমে লেখা উদ্দেশ্য বিবৃতি সাধারণ ব্লগার ভালো চোখে নেয়নি । অবস্থা বেগতিক দেখে তখনকার মতো নোটিশবোর্ড পিছু হটে । নোটিশবোর্ড পরে একটা ষড়যন্ত্র তত্ত্ব আবিস্কার করতে সক্ষম হলেও ব্যাপক সংখ্যক ব্লগাররা তাদের বিরোধিতা করেছিলো ।

এর ঠিক এক বছর পর সামহয়ার আবারো এই ব্লগ দিবসকে সামনে নিয়ে এসেছে । তবে এবার একটু কৌশলী ভঙ্গিতে । সচলায়তনের এই পোস্ট থেকে আমরা জানতে পারি আরিল্ড ক্লোকারহগ কয়েকটি ব্লগ সাইটের সাথে যোগাযোগ করে জানতে চেয়েছেন ব্লগ দিবস কবে করা যায় । পরে আমার ব্লগের এ্যাডমিনদের তরফ থেকে সামহয়ারের পুরো মেইলটা পাওয়া যায় । দেখি সেখানে কি লেখা ছিলো ।

dear admins of amarblog, muktangon, prothom aloblog, sachalayatan, techtune

all of you are proud and engaged bangla bloggers and i would like to share our joy and congratulations for somewhere in… blog´s 4th year birthday with you today.

you are the admins of popular bangla blog community sites and you are our colleagues and co-pioneers, enabling the creation of rich bangla contents in the blogosphere. discussions are on about having a special and meaningful day (fixed or flexible) for bangla blogging in the freedom month of december, and we would like to invite you for a discussion on this topic here.

15th december is the birthday of somewhere in… blog and last year we adjusted our proposal to suggest the 15th december as the bangla blog day. we do, however, realize that the 15th may not be the best choice afterall.

do you have a proposal for a suitable and neutral day that can unite all the bangla bloggers in this month, a day we all can stand together to announce? i hope you can take your time to reply shortly.

best regards,

arild
somewhere in… blog

সামহয়ারের মেইল বা তাদের নোটিশবোর্ডের বক্তব্য পড়ে মাঝে মাঝেই মাথা চুলকোতে হয় । ফ্লেক্সিবল ব্লগ ডে বলতে ওরা কি বুঝিয়েছে সেটা বহুত চিন্তা করেও বের করতে পারলাম না । এছাড়া কো পাইয়োনিয়ার বিষয়টা কি ? বাকি ব্লগগুলো কি সামহয়ারের সাথে একই সাথে কিছু শুরু করেছিলো ? এইসব গ্রামাটিকাল ধুনফুন দেখতে দেখতে মেইলের শেষ প্রান্তে মোটামুটি বোঝা গেলো তারা কি বলতে চায় । তারা “in this month”-এই ব্লগ দিবস দেখতে চায় । এইরকম শর্তারোপ সকলের সাথে আলোচনা করে ব্লগ দিবস নির্ধারণ করতে তারা কতটা আন্তরিক সেটা পরিস্কার করে ।

৪.

তো শর্তসাপেক্ষে ব্লগ দিবস নির্ধারণের আহবান প্রাপকেরা কিভাবে নিয়েছে দেখা যাক ।

আমার ব্লগ

মেইল পাবার পর আমার ব্লগের মডারেটরদের পক্ষ থেকে ব্লগারদের মতামত জানতে চেয়ে একটা পোস্ট দেয়া হয় । সেখানে বলা হয় -

আমারব্লগ মনে করে এমন একটি দিন পালন করার যৌক্তিকতা নির্ধারণ পূর্বক নিম্নের যে কোন একটি দিনকে “বাংলাব্লগ দিবস” হিসেবে পালন করা যেতে পারে;

১। বৈশাখ এর দ্বিতীয় দিন
২। ফাল্গুন এর প্রথম দিন
৩। ফেব্রুয়ারীর প্রথম দিন
৪। বাংলা কমিউনিটি ব্লগের পথিকৃত বাঁধ ভাঙ্গার আওয়াজ জন্মমাস হিসেবে ডিসেম্বর এর চতুর্থ শুক্রবার।

এর পাশাপাশি আমার ব্লগের মডারেট সুশান্ত একটি ডোমেইন খুলে মতামত আহবান করেন ।

আমার ব্লগের এই পোস্ট পড়ে পরিস্কার হয় যে তারা একটি ব্লগ দিবসের বিষয়ে একমত । তবে সেটা কোন দিন হবে সেই বিষয়ে সামহয়ার আরোপিত শর্তের বাইরেও চিন্তা করতে আমার ব্লগ রাজি । তবে সেই সাথে তারা স্মরণ করিয়ে দিয়েছে তাদের এই পোস্ট দেয়ার উদ্দেশ্য ব্লগারদের মত সংগ্রহের, সামহয়ারের সাথে “সম্পৃক্ততা নয়” ।

আমার ব্লগের এই মত সংগ্রহ প্রচেষ্টায় বৈশাখের প্রথম শুক্রবার সর্বোচ্চ ৮ ভোট পায় (১৭ ডিসেম্বর পর্যন্ত) । দ্বিতীয় অবস্থান পায় ফেব্রুয়ারির ১ তারিখ । তৃতীয় অবস্থান পাওয়া গ্রুপ এধরনের দিবসের বিপক্ষে মত প্রকাশ করে ।

সচলায়তন

সচলায়তনের মডারেটররা আমার ব্লগের মতোই একটা পোস্ট দিয়ে আরিল্ডের মেইল বিষয়ে সেখানকার ব্লগারদের অবহিত করেন । সেখানে পোস্টের শেষ পর্যায়ে তারা বলেন -

আপনাদের কাছ থেকে পরামর্শ কাম্য। সাদা-মডুর পক্ষ থেকে প্রস্তাবিত দিনটি হচ্ছে একুশে বইমেলার প্রথম দিন, অর্থাৎ ফেব্রুয়ারি ১।

সচলের প্রথম অবস্থায় একটা “প্রস্তাব” হিসেবে একটা দিন প্রস্তাব করা হলেও মন্তব্য ঘরে ব্লগাররা বেশ প্রবল আপত্তি জানান । বিপরীতে কয়েকজন ব্লগার ব্লগার দিবস সমর্থন করেন । ওখানে ব্যতিক্রম হিসেবে সচলায়তন যেদিন বাংলাদেশে ব্লক করা হয়েছিলো সেদিনকে ব্লগ দিবস হিসেবে গ্রহণের প্রস্তাব ওঠে ।

বাকিরা কি বলে ?

টেকটিউনস ও নির্মান ব্লগ এই বিষয়ে কোন মন্তব্য করেনি । তারা তাদের ব্লগারদের বিষয়টি অবহিতও করেনি । এবং মজার ব্যাপার হলো সামহয়ারের একদম শুরুতে ব্যক্তিগত ব্লগসাইটের ব্লগারদের ডেকে আলোচনা করলেও এই উদ্যোগে সামহয়ার তাদের বাইরে রেখেছে । এখনও কোন ব্যক্তিগত ব্লগ সামহয়ারের ডাক পেয়েছে বলে জানা যায়নি ।

৫.

সচলায়তন ও আমার ব্লগে যখন মতামত সংগ্রহ চলছিলো তখন হঠাত করে ১৭ই ডিসেম্বর ২০০৯তে সামহয়ার একটি মেইল করে তাদের সব ব্লগারকে । সেখানে বলা হয়,

প্রিয় ব্লগার,

শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সামহোয়্যার ইন ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ” এ আপনার মূল্যবান ও আন্তরিক অংশগ্রহণের জন্য। এই ব্লগটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে এর চড়াই-উৎরাই,ভাল-মন্দ, ভুল-ত্রুটি ইত্যাদি বিষয়ে অভিমত দিয়ে এবং আলোচনা-সমালোচনায় অংশ নিয়ে সর্বোপরি আপনার মূল্যবান সময় দিয়ে এই প্ল্যাটফরমটিকে আজকের সাফল্যে পৌঁছে দেবার জন্য আমরা গৌরব বোধ করি।

ইতিমধ্যে আরও বেশ কয়েকটি বাংলা ব্লগসাইট তৈরী হয়েছে এবং যার যার নিজস্ব মতাদর্শে একটি অবস্থান ও জনপ্রিয়তাও তৈরী করেছে। মতাদর্শের হের-ফের থাকলেও বাংলা ভাষার চর্চা এবং বিশ্বজুড়ে মর্যাদা প্রতিষ্ঠায় প্রকৃতপক্ষে আমাদের সবার উদ্দেশ্য অভিন্ন। আমাদের প্রচেষ্টা সফল হবেই – তা হোক আমাদের সম্মিলিত বিশ্বাস।

আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি “বাংলা ব্লগ দিবস” এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ” এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি।

বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।

ধন্যবাদ।

সামহোয়্যার ইন… ব্লগ টিম

http://www.somewhereinblog.net

আমাদের ঠিকানা:

“ইসলাম লজ”
সামহোয়্যার ইন…
বাড়ী: ১৪
সড়ক: ১৬/এ
গুলশান-১
ঢাকা-১২১২।

এই ১৯শে ডিসেম্বরের মতামতটার যুক্তি কি সেটা পরিস্কার না । সামহয়ারের মডারেটর জানার এই পোস্টে আরো কয়েকটি তারিখ নিয়ে বেশ ভালো যুক্তি আসলেও সেগুলো ধর্তব্যে নেয়া হয়নি । এছাড়া বিখ্যাত রাজাকার সমর্থক ব্লগার আস্তমেয়ের ভাবশিষ্য ফারহান দাউদের ব্লগে ১৯শে ডিসেম্বরের পক্ষে বেশ দৌড়ঝাপ দেখা যায় ।

মজার বিষয় হলো অনেকটা ইনপিনসেফটিপিন পদ্ধতিতে সামহয়ার কর্তৃপক্ষের রেসিডেন্ট বলে খ্যাত ব্লগাররা ১৯ডিসেম্বরের পক্ষে রায় দিতে শুরু করেন । এটা করা হয় এরকম নির্দিষ্ট তারিখে কারা কারা আসতে পারবেন, বন্ধের দিন কিনা ইত্যাদি জিনিস মাথা থেকে সরিয়ে রেখেই । এই ১৯ তারিখ এই কারনে অনেকটা সামহয়ারের তরফ থেকে পুশ করা হয়েছে এই সন্দেহটা সেখানেই হয় ।

প্রতিক্রিয়া

ওদিকে সামহয়ারের এই একতরফা ঘোষণায় সচলায়তনের তরফ থেকে প্রতিক্রিয়াটা আসে বেশ কঠোরভাবে -

sachalonblogday

অন্যদিকে আমার ব্লগ ১৭ই ডিসেম্বর ঘোষণা দেয় -

জনমতকে শ্রদ্ধা করে, ব্লগারদের সিদ্বান্তনুযায়ী আমার ব্লগ ফেব্রুয়ারি’র প্রথম দিনকে ব্লগ দিবস হিসাবে ঘোষনা দিচ্ছে।

ঘোষণা দেবার পর ১৮ই ডিসেম্বর পর্যন্ত আরোও সমর্থন নিয়ে তারা তাদের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হয় । এখানে উল্লেখ্য যে ঘোষণা দেবার আগ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠের মতামত তাদের সিদ্ধান্তের সাথে ছিলো না ।

তো শেষ পর্যন্ত অবস্থা এরকম দাড়িয়েছে সামহয়ার একতরফাভাবে ১৯শে ডিসেম্বর ব্লগ দিবস হিসেবে ঘোষণা দিয়েছে । আমার ব্লগ ঘোষণা দিয়েছে ১লা ফেব্রুয়ারী । সচলায়তনের কাছ থেকে ব্লগ দিবসের ব্যাপারেই তীব্র “না” রয়েছে । এবং ঘটনা পরম্পরায় এই ত্রিমুখী অবস্থানের জন্য সামহয়ারকেই দায়ী করা চলে । তারা কোনপ্রকার অন্যান্য ব্লগ থেকে কোন আপডেট না নিয়েই একতরফাভাবে ১৯শে ডিসেম্বর ব্লগ দিবস হিসেবে ঘোষণা করেছে । একাধিক ব্লগ দিবস বা ব্লগ দিবস বয়কট যেটাই হোক সেটার দায় দায়িত্ব তাই সামহয়ারের একার ।

তিন ব্লগের এই টানাপোড়েন অবস্থায় দিবস পালনের পেছনে সাধারণত যেসব চেতনা কাজ করে সেটার কোন সম্ভাবনা দেখা মুশকিল । ছাগলে মুখ দিলে পোস্ট বাড়ে না বলে ব্লগে একটা কথা প্রচলিত আছে । এরকমভাবে রাজাকার তোষণকারি সুশীল ভাঁড় পরিবেষ্টিত কর্পোরেট গোষ্ঠি সামহয়ার কর্তৃপক্ষ মুখ দিলে ভবিষ্যতে কোন যুক্ত ব্লগীয় উদ্যোগ হালে পানি পাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করা যায় । ভবিষ্যতে সামহয়ার দিবসের অনুষ্ঠানগুলো সামহয়ার বা তাদের পোষ্য ব্লগারদের মাসলোর হায়ারকারির প্রথম ধাপের অভাব পুরন করতে কাজে লাগবে । কেউ কেউ সেলিব্রেটি হিসেবে টিভি, মঞ্চে বক্তৃতা বিবৃতি দেবার সুযোগ পাবেন, মিছিল মিটিঙের মাধ্যমে নিজের ভার্চুয়াল অস্তিত্ব নতুন করে আবিস্কার করতে পারবেন ।

এর বাইরে আমার ব্লগের কিছু ব্লগার ১৯শে ডিসেম্বরকে আন্তর্জাতিক ভাঁড় দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন । এই বছর হুট করে ১৯শে ডিসেম্বর চলে যাওয়াতে হয়তো তেমন একটা আন্তর্জালিক প্রতিক্রিয়া যায়নি । তবে আগামী বছরগুলোতে হয়তো উত্তর মিলবে আসলেই সামহয়ার দিবস আন্তর্জাতিক ভাঁড় দিবস হিসেবে প্রতিষ্ঠা পাবে কিনা ।

নোট : এই মুহুর্তে কমেন্ট বক্সের বাংলা কিবোর্ড কাজ করছে না । বাংলা লিখতে এই টুলটির সাহায্য নিতে পারেন ।

{ 33 comments… read them below or add one }

1 মুকুল December 19, 2009 at 6:52 am

এই পোস্টের দরকার ছিলো। ইতিহাসটা লিপিবদ্ধ করে রাখা দরকার।

আমার বক্তব্য খুবই স্পষ্ট। বাংলা ব্লগ দিবস যদি পালন করতেই হয় তবে তা অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি আর বাংলা ভাষা- এখন অঙ্গাঅঙ্গি জড়িত। ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফেব্রুয়ারি মাসে পালন তারই আন্তর্জাতিক স্বীকৃতি। সেখানে জোর করে সামু তার কর্পোরেট ইন্টারেস্টে ব্লগারদের মতামতের তোয়াক্কা না করে এক তরফভাবে বাংলা ব্লগ দিবসের ঘোষণা চরম ধৃষ্টতা। একে সাধারণ ব্লগাররা ভাঁড় দিবস বলে ইতোমধ্যেই তাই বলাবলি শুরু করেছে। আমিও একমত তার সাথে।

আজকে ঢাকা শহরে আয়োজিত ভাঁড় সম্মেলনে সামুর রেসিডেন্ট ভাঁড় ছাড়া সাধারণ কোন ব্লগার টিভি পর্দায় চোখেই পড়লোনা। সাধারণ ব্লগারদের অবস্থান স্পষ্টই বোঝা যায় এতে।  উদ্ধৃতি

Reply

2 রনি পারভেজ December 19, 2009 at 7:58 am

দারুন লিখেছেন।আমি অনেকটা এরকম করেই লিখতে চেয়েছিলাম।
আমার http://ronyiut.wordpress.com/2009/12/19/bangla-blog-day-and-community-blogs-html/ এই লেখা
এবং রিয়া আপুর http://akashprodip.wordpress.com/2009/12/19/bengali-blog-day/ লেখাটা দেখতে পারেন।  উদ্ধৃতি

Reply

3 bangla blog day December 19, 2009 at 9:35 am

Is it possible to repost it @banglablogday.com?

I think, the history should be kept there also?

How do you think?  উদ্ধৃতি

Reply

4 হাসিব December 19, 2009 at 9:47 am

মুকুল,
এইরকম চাপিয়ে দেয়ার সংস্কৃতি বহুত আগে থেকে সামহয়ারে চালু আছে । এই কারনে ওদের ব্লগটা যারা দাড় করিয়েছে তাদের প্রায় কেউই এখন ওখানে নিয়মিত না । ব্লগ দিবস যে ভাঁড় সম্মিলনীতে পরিণত হয়েছে সেটা বুঝতে আইনস্টাইন হতে হয় না ।

রনি পারভেজ,
দেখলাম লিংকদুটো । ধন্যবাদ ।

বাংলা ব্লগ ডে,
সূত্রসহ পোস্ট করলে কোন আপত্তি নেই ।  উদ্ধৃতি

Reply

5 Ragib Hasan December 19, 2009 at 10:02 am

সামুর অফিসের কীবোর্ডে শিফট অথবা ক্যাপসলক কী গুলা কই গেলো? আজ পর্যন্ত ওখান থেকে যত ইমেইল দেখলাম, সবই লোয়ারকেসে লিখা … ক্যাপস লক ছাড়া এরকম আজব কিসিমের কীবোর্ড কোথা থেকে আমদানী হল?  উদ্ধৃতি

Reply

6 Dr. Aijuddin December 19, 2009 at 10:10 am

চমতকার লেখা

বেশ অবজেকটিভ অবজারবেশন।

মুকুলের সন্গে একমত ভাষার মাসের পয়লা দিনে ব্লগ দিবস হওয়াই যুক্তিযুক্ত। বাংলা ব্লগ এর পরিধি আরো বাড়বে নিকট ভবিষ্যতে এবং তখন এ দিবসের গুরত্ব বাড়বে সে জন্য যে কোন মূল্য এ দিবস এবং বাংলা ব্লগকে কর্পোরেট ডিকটেটশন থেকে বাচানো দরকার।  উদ্ধৃতি

Reply

7 সুশান্ত December 19, 2009 at 10:11 am

অতি দরকারী একটি ঐতিহাসিক পোস্ট দিলেন অনেক ধন্যবাদ। তবে ইতিহাসটা আরো পরিপূর্ন হতো যদি আমার দেওয়া পোস্টে সচলায়তনের কান্ডারিদের মধুর বক্তব্যের আলোকপাত করতেন। অন্তত দুই লাইন হলে ও।

যাই হোক, আমার দেখা সেরা ব্লগ পোস্টগুলোর মধ্যে এটি একটি। আবারো ধন্যবাদ।  উদ্ধৃতি

Reply

8 হাসিব December 19, 2009 at 10:12 am

রাগিব,
এটা একটা জনগুরুত্বসম্পন্ন প্রশ্ন । ফরমাল চিঠিপত্র এজাতীয় ভাষায় লেখা যায় এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা । তবে এটা স্বীকার করতে হবে যে এই ক্যাপসলক সমস্যা ছাড়া ইংরেজীটা তারা তাদের বাংলা থেকে ভালো লেখে ।

সামু দিবসের দাওয়াতের প্রথম চিঠি পাঠালো । বানান ভুলে ভর্তি । কতক্ষন পর আবারো একটা মেইল তবে দুয়েকটা বানান সংশোধন করে ! আমার ধারনা বাংলা লিখতে গিয়ে তাদের কিবোর্ড ভেঙে গেছে এবং সেই কারনে সব লোয়ার কেইস হয়ে আসে ।  উদ্ধৃতি

Reply

9 হাসিব December 19, 2009 at 10:14 am

আইজুদ্দিন,
বাংলা ব্লগের সংখ্যাগরিষ্ঠ জনগণরে ছাগুহুমকির ব্যাপারে সচেতন করা গেছে । এখনকার মূল এ্যাজেন্ডা হওয়া উচিত এইসব নিদারুণ প্রাতিষ্ঠানিক স্বার্থের কবল থেকে বাংলা ব্লগকে বের করে আনা ।  উদ্ধৃতি

Reply

10 হাসিব December 19, 2009 at 10:18 am

সুশান্ত,
ঐ পোস্টটার লিংক আপনি ইচ্ছে করলে এখানে কমেন্ট বক্সে দিতে পারেন । তবে ওখানে যে বাদানুবাদ হয়েছে সেটা আমি ব্লগ প্রতিষ্ঠান হিসেবে আমারব্লগ ও সচলায়তনের সাংঘর্ষিক সম্পর্ক নির্দেশ করে না বলে মনে করি । এবং যেহেতু এই পোস্টটা প্রতিষ্ঠান হিসেবে এক ব্লগের সাথে আরেক ব্লগের সম্পর্ক নিয়ে সেহেতু আমি ঐ পোস্টটা আলোচনায় আনিনি । দ্বিমত থাকলে বলতে পারেন ।  উদ্ধৃতি

Reply

11 সুশান্ত December 19, 2009 at 10:25 am

আমি ইচ্ছে করেই লিঙ্কটা দেই নাই কমেন্ট বক্সে কারন আমি কোন বিব্রতকর অবস্থায় আপনাকে ফেলতে চাই না।

যাই হোক, সময়ের প্রয়োজনে নিজেকে আমি ঠান্ডা রাখতে পেরেছিলাম – তা ভেবে ভালো লাগছে। তবে একথাটা ও বুঝেছি যে সচলায়তনকে ব্লগ হিসেবে কাউন্ট না করে রাইটার কমিউনিটি ভেবেই দেখবো পরবর্তি যে কোন সময়ে। নো মোর ট্রিট এজ ব্লগ।  উদ্ধৃতি

Reply

12 ইফ্‌তেখার মোহাম্মদ December 19, 2009 at 10:32 am

১৯ ডিসেম্বর আন্তর্জাতিক ভাঁড় দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে।  উদ্ধৃতি

Reply

13 রাশেদ December 19, 2009 at 10:32 am

ভালো অবজারভেশন।  উদ্ধৃতি

Reply

14 প্রলয় হাসান December 19, 2009 at 11:58 am

হাসিব ভাই তো ফাটাইছেন!  উদ্ধৃতি

Reply

15 প্রলয় হাসান December 19, 2009 at 12:00 pm

শুনছি লুল নাকি গ্রহ নক্ষত্র তারকারাজি ইত্যাদি বিচার করে এই দিনটা ধার্য করে দিয়েছে। গেলমান দাউদের ২২ নং কমেন্টে।

কারেকশন হাসিব ভাই, আস্তমেয়ে বিখ্যাত না। কুখ্যাত।  উদ্ধৃতি

Reply

16 হাসিব December 19, 2009 at 3:27 pm

প্রলয়, ভাঁড়ামোর সর্বোচ্চ উদাহরণ হিসেবে ুলপুরষের ঐ কমেন্টটা ইতিহাসে জায়গা করে নেবে । প্রথম ভেবেছিলাম কমেন্টটা স্কৃনশট হিসেবে তুলে দেবো । পরে রুচিতে বাঁধলো ।

রাশেদ, বহুদ্দিন কোন আওয়াজ নাই । থাকেন কোথায় ? বিজি নাকি খুব ?  উদ্ধৃতি

Reply

17 হাসিব December 19, 2009 at 3:28 pm

ইফতেখার, দিবস নামকরণটা ভালো হয়েছে ।  উদ্ধৃতি

Reply

18 গৌতম December 19, 2009 at 7:40 pm

১. এই ইতিহাসটুকু লিখে রাখার দরকার ছিলো। খুব ভালো হয় যদি লেখাটা সামুতে প্রকাশ করা যায়। আপনি ব্যান, সেক্ষেত্রে অাপনার হয়ে অন্য কেউ প্রকাশ করতে পারে কিনা- সেটা ভেবে দেখতে পারেন। সামুতে অনেক ব্লগার আছেন, যারা এই দিবসের বিপক্ষে- লেখাটি তাদের ভাবনায় নতুন মাত্রা যোগ করতে পারে।

২. ব্লগ দিবস ঘোষণা সামু আদতে কোন কোন দিক দিয়ে লাভবান হতে যাচ্ছে, তা নিয়ে আরেকটা বিশ্লেষণধর্মী লেখা চাই।  উদ্ধৃতি

Reply

19 হাসিব December 20, 2009 at 1:22 am

গৌতম,

/ ধন্যবাদ মন্তব্যের জন্য । ইচ্ছে হলে আপনি দিতে পারেন । তবে লাভ হবে বলে মনে হয় না । তারা ভিন্নমত শুনতে আগ্রহী না ।

/ আপনার যা চেয়েছিলেন সেটা হারিয়ে ফেলেছি । খুজছি । পেয়ে যাবো শিঘ্রই । তখন পাঠিয়ে দেব ।  উদ্ধৃতি

Reply

20 আরিফ থেকে আনা December 20, 2009 at 6:23 am

ফেসবুকে লিঙ্ক শেয়ার করেননি, খুজেপেতে পড়তে আসলাম। চমৎকার লিখেছেন। সামুর গোঁয়ারামির আরেকটা নমুনা এই একনায়কতান্ত্রিক ব্লগ দিবসের ঘোষণা। পোল খুলে ব্লগারদের মতামত নিয়ে ঘোষণা করলেই পারত।

তবে আমার মনে হয় সামু ব্লগ দিবস পালনের ঘোষণা দিয়ে গত বছর যে বাঁশ খেয়েছিল সেটা এবছরও মনে ছিল। তাই নোটিশবোর্ড কোন পোস্ট দেবার সাহস করেনি এবার। গেলমান দাউদ এর তেলযুক্ত পোস্ট এবং ঐ পোস্টে তথাকথিত ভাঁড়দের প্রচুর সমর্থন পাওয়ার পরই সামু ব্লগ দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। আমার ধারণা।  উদ্ধৃতি

Reply

21 হাসিব December 20, 2009 at 6:27 am

আরিফ থেকে আনা,

/ ফেইসবুকে লিংক শেয়ার করেছিলাম । তবে নতুন ইন্টারফেসে সবার সব জিনিস সময়মতো খুঁজে পাওয়া মুশকিল ।

/ সামহয়ারের এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে যারা বলতো তারা যেকোন কারনেই হোক এখন আর ব্লগে নিয়মিত না । গত এক বছরে সিস্টেমেটিক্যালি বিভিন্নভাবে এরকম একটা পরিবেশ তৈরী করা হয়েছে যাতে তারা সামহয়ার থেকে নিজেদের গুটিয়ে নেয় । কিছু হিটখোর আর রেসিডেন্ট ছাড়া আর কিছুদিন পুরনো কাউকে ওখানে পাওয়া যাবে না ।

/ আমার কাছে সবচেয়ে হাস্যকর লেগেছে কিভাবে সেখানে সবাই ১৯ তারিখ কোন যুক্তি ছাড়াই পছন্দ করলো । ডিসেম্বর মাসে আরোও দিন ছিলো যেমন ১৪ তারিখের আগে ১৩ দিন, ১৬ তারিখের পরে দুই সপ্তাহ । সেগুলো সব বাদ দিয়ে সব ১৯ তারিখের ওপর সবার ঝাপিয়ে পড়তে দেখাতে বেশ মজার ছিলো ।   উদ্ধৃতি

Reply

22 অনিশ্চিত December 21, 2009 at 1:44 am

আপনার অনুমতি না নিয়েই এই লেখাটা দিয়েছি – http://www.somewhereinblog.net/blog/gtmroyblog/29063016 । ভুল হলে ক্ষমা করে দিয়েন।  উদ্ধৃতি

Reply

23 হাসিব December 21, 2009 at 2:01 am

কোন অসুবিধা নাই অনিশ্চিত । তবে ব্যান না খেয়ে যান ।  উদ্ধৃতি

Reply

24 অনিশ্চিত December 21, 2009 at 4:52 pm

সময় থাকলে ওখানকার মন্তব্যগুলো খেয়াল করবেন প্লিজ। আর এর আগে একটা লেখা দিয়ে নোটিশ পেয়েছিলাম। লেখাটি তারা মুছেও দিয়েছিলো। ব্যান করলে তাই অবাক হবো না!  উদ্ধৃতি

Reply

25 হাসিব December 21, 2009 at 5:11 pm

খেয়াল কর‌ছি । কিন্তু পোস্ট কি প্রথম পাতা থেকে সরে গেলো ?!  উদ্ধৃতি

Reply

26 অনিশ্চিত December 21, 2009 at 8:55 pm

প্রথম পাতা থেকে সরেছে কিনা তা তো খেয়াল করি নি! মাঝখানে অনেকক্ষণ নেটে ছিলাম না। কর্তৃপক্ষ যদি সরিয়ে দেয়, তাহলে সেটা দুঃখজনক হবে।  উদ্ধৃতি

Reply

27 অনিশ্চিত December 21, 2009 at 4:24 pm

ব্যান-আনব্যান এই জীবনেরই খেলা ;)   উদ্ধৃতি

Reply

28 ডোবারব্যাং December 21, 2009 at 8:33 pm

বাংলা ব্লগমণ্ডল নিয়ে এই লেখাটাই এখন পর্যন্ত বিভিন্ন ব্লগের মনযোগী পাঠক হিসেবে আমার পড়া সবচে উল্লেখযোগ্য নির্মোহ ও নৈর্ব্যক্তিক বিশ্লেষণ…বাংলা ব্লগমণ্ডলের সমসাময়িক পিছলাপিছলিকে উপলব্দি করতে লেখাটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপকারে আসবে, এ নিশ্চয়তা দেয়ার জন্য কয়েকশ নিকের মালিক কিম্বা ব্লগমডু হওয়া লাগে না; কল্লা আর পাছার সংযোগ রক্ষাকারী দণ্ডটা জায়গামত থাকলেই হয়…  উদ্ধৃতি

Reply

29 হাসিব December 21, 2009 at 9:33 pm

আমি একটা স্যাটায়ার লেখার চিন্তা করেও পরে সেই পরিকল্পনা থেকে সরে আসি । কোথাও না কোথাও ইতিহাসগুলো লিখে রাখা দরকার আসলে ।  উদ্ধৃতি

Reply

30 ব্যতিক্রমী December 21, 2009 at 9:21 pm

সমহোয়ার বলতে গেলে সম্পূর্ণ ঘরোয়াভাবে কিছু (….) দিয়ে এই কাজটা করেছে।

আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্যগুলো জানাবার জন্য।  উদ্ধৃতি

Reply

31 হাসিব December 21, 2009 at 9:33 pm

আপনাকেও অনেক ধন্যবাদ ।  উদ্ধৃতি

Reply

32 অমিত December 24, 2009 at 4:07 am

ধুর, শুভ “নিখিল বাংলাদেশ আন্তর্জাতিক অন্তর্জালিক রেসিডেন্ট ভাঁড় দিবস”-এর প্রথম সুধী সমাবেশ হয়ে গেল, ঝানতেও পারলাম না :-(   উদ্ধৃতি

Reply

33 হাসিব December 24, 2009 at 4:48 am

আমারও শখ আছিলো একটা বক্তিমে দেবো :(   উদ্ধৃতি

Reply

মন্তব্য করুন

        
        
        

You can use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

মন্তব্যর ঘরে আপনি এখানে ক্লিক করে ছবি যোগ করতে পারবেন ।

Previous post:

Next post:


</