ডোমেইন নেইম অবশেষে ইংরেজীর কবল থেকে মুক্ত

October 31, 2009

ডোমেইন নেইম কি জিনিস এটা সহজ কথায় বোঝানো একটু মুশকিল । তত্ত্বে না গিয়ে উদাহরন দিয়ে বোঝানো একটু সহজ । সবথেকে কাছের উদাহরন হলো আপনি এই পাতাটা যেই ব্রাউজারের খুলেছেন সেইটা ব্রাউজারের এ্যাড্রেসবারে দেখবেন sachalayatan.com লেখা আছে । এটা হলো সচলের ডোমেইন নেইম । আবার ধরুন কারো ইমেইল এ্যাড্রেস omuktomuk@gmail.com – এ @ চিহ্নটির পরের অংশটি অর্থাৎ gmail.com হলো ডোমেইন নেইম ।

ইন্টারনেট আমেরিকায় আবিস্কার হয়েছে বা অন্য যেকোন কারনেই হোক এই ডোমেইন নেইম ইংরেজীতেই হতে হয় । এতে এমনকি ইংরেজীর ভাইবোন অন্য ল্যাটিন ভিত্তিক অক্ষরগুলোরও দাম নেই । ইংরেজীতে লেখার এই নিয়ম বা ইন্টারনেটের অন্যান্য নামধামজাতীয় নিয়ম কানুন (বা স্ট্যান্ডার্ড) ঠিক করে আইকান (ICANN – International Corporation for Assigned Names and Numbers) নামের একটি প্রতিষ্ঠান । এই আইকান গতকাল (৩০শে অক্টোবর, ২০০৯) ঘোষণা দিয়েছে এই ডোমেইন নেইম খুব তাড়াতাড়িই অ-ল্যাটিনিয় অক্ষরে লিখতে পারার ব্যবস্থা চালু হবে । অর্থাৎ ব্রাউজারের এ্যাড্রেস বারে sachalayatan.com এর বদলে আমরা অচিরেই সচলায়তন.কম লিখে সচলায়তন ব্রাউজ করতে পারবো !

Image and video hosting by TinyPic

তবে এখানে একটা কিন্তু আছে । আইকান বলছে এই সুবিধার আওতায় আসতে হলে প্রতিটা দেশ বা অঞ্চলকে আইকানের কাছে আবেদন দাখিল করতে হবে । কিছু মানদন্ড যেমন সংশ্লিষ্ট দেশের সরকারি, কমিউনিটি সমর্থন ইত্যাদি পেলেই শুধুমাত্র তারা একটি নির্দিষ্ট ভাষায় ডোমেইন নেইম খোলার অনুমতি দেবে । আগামী ১৬ই নভেম্বর সেই দরখাস্ত দাখিলের পালা শুরু হবে । দরখাস্ত নেবার পালা চলবে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ।

গন্ডোগোল এই সরকারি সমর্থনের প্রশ্নেই । এই বাংলাদেশের সরকার বাহাদুরই আমাদের একসময় ফাইবার অপটিক কেবলের থেকে বিযুক্ত রেখেছিলো তথ্য পাচারের দোহাই পেড়ে । এই দেশেই একজন সিভিল এঞ্জিনিয়ার যুগ যুগ ধরে আইটি নিয়ে নীতি নির্ধারণে ভূমিকা রাখেন । এই সরকারের আমলাদের টেবিলগুলো মাউন্ট এভারেস্টের সিমুলেটেড এনভায়রনমেন্ট । সেগুলো ডিঙিয়ে কোন কাজ করাতে বছর পেরোয় । এসব কারনে সচলের এই পোস্ট বা ইন্টারনেটে আইকানের ওয়েবসাইট থেকে খবর নিয়ে সরকার বাহাদুর বাংলায় ডোমেইন নেইমের জন্য দরখাস্ত লিখতে মুক্তকচ্ছ দৌড়ঝাপ শুরু করবেন এই আশা করার বুকের পাটা করতে পারছি না ।

আছেন কি কেউ এই বিষয়টা সরকার বাহাদুর কানে তোলার ব্যবস্থা করার ? সবাই মিলে চেষ্টা নিলে হয়তো কিছু একটা করা যাবে ।

আপডেট: (মেহেদি হাসান খান থেকে প্রাপ্ত)

a

আইকান সাইটে বাংলা ডোমেইনের জন্য আলাদা একটা পাতা খোলা হয়েছে । সেখানে বাংলা ডোমেইন পরীক্ষা করে দেখা যাবে ।

নোট : সচলায়তনে একই সাথে প্রকাশিত ।

{ 7 comments… read them below or add one }

1 ইসানুর October 31, 2009 at 7:21 pm

হুমমম।  উদ্ধৃতি

Reply

2 মুকুল October 31, 2009 at 8:15 pm

কিন্তু ডোমেইন নেম বাংলায় করলে যারা বাংলায় লিখতে অভ্যস্ত না, অথবা যাদের পিসিতে বাংলা এডিটর ইন্সটল করা নেই, তারা ঝামেলায় পড়বে!
অবশ্য আমার কাছে ভালৈ লাগছে বিষয়টি। ইন্টারনেট হোক উন্মুক্ত, স্বাধীন। সব ধরনের অপশনই উন্মুক্ত থাকা ভালো।  উদ্ধৃতি

Reply

3 হাসিব November 1, 2009 at 2:49 am

মুকুল, এখনও পুরো বিষয়টা ক্লিয়ার না । ধরা যাক আমার এই সাইটটার ডোমেইন nirpata.com । এখন হয়তো আমাকে তাদের কাছ থেকে আবার একটা নীড়পাতা.কম কিনতে হবে । অথবা এমনও হতে পারে আমার শুধু লোকাল ভাষায় অনুবাদটা কি হবে সেটা তাদের কাছে জানাতে হবে । অনেক কিছুই হতে পারে । দেখা যাক কি হয় ।

ইসানুর, হুমমম^২  উদ্ধৃতি

Reply

4 আরিফ থেকে আনা November 1, 2009 at 5:53 am

বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে। যেমন সচলায়তন.কম যদি সচলয়াতন কর্তৃপক্ষ কেনার আগেই অন্য কেউ কিনে নেয় তখন সেই ব্যক্তি বেশী টাকা দাবি করতে পারে। এটা আরো প্রকট হবে যখন বিভিন্ন ব্র‍্যান্ডের ডোমেইন নির্দিষ্ট কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ নিয়ে নেয়।

আইকানের এরকম কোন নীতিমালা কি থাকছে যাতে নির্দিষ্ট কর্তৃপক্ষই শুধু ঐ ডোমেইন নিতে পারবে? মনে হয় নেই।  উদ্ধৃতি

Reply

5 হাসিব November 1, 2009 at 6:05 am

আরিফ থেকে আনা, প্রথম পর্যায়ে নিশ্চিতভাবে এইধরনের ভ্যান্ডালিজম চলবে । প্রথম আলো ব্লগ খোলার সময় ব্লগারদের নাম নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছিলো এখানেও সেটা হতে পারে । পাকাপাকিভাবে এই বিষয়ে এখনো কিছু জানা যাচ্ছে না আপাতত । খুব সম্ভবত আবার নতুন করে সবার নিজের ভাষায় ডোমেইন কিনতে হবে ।  উদ্ধৃতি

Reply

6 রায়হান রশিদ November 7, 2009 at 1:05 pm

দারুণ ব্যাপার তো! ধন্যবাদ শেয়ার করার জন্য।  উদ্ধৃতি

Reply

7 সুদীপ্ত November 15, 2009 at 9:40 am

আমি কোন অ্যাড্রেসটা দখল করুম ভাবতেছি।  উদ্ধৃতি

Reply

মন্তব্য করুন

        
        
        

You can use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

মন্তব্যর ঘরে আপনি এখানে ক্লিক করে ছবি যোগ করতে পারবেন ।

Previous post:

Next post:


</