কিছুক্ষন আগে ক্যানোনিকাল তাদের ষান্মাসিক অপারেটিং সিস্টেম উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) রিলিজ করেছে । মার্কেট লিডার উইন্ডোজের নতুন ভার্সন ৭ বের হবার ঠিক এক সপ্তাহের মধ্যেই এই রিলিজ হলো ।
ডাউনলোড
বরাবরের মতো উবুন্টু আইএসও ফাইল ডাউনলোড করতে অসাধারণ স্পিড পাওয়া গেলো । গড়ে ১.৫ থেকে ২ মেগাবাইট পার সেকেন্ডে । ৭ মিনিটের একটু বেশি সময়ে পুরো সিডি ডাউনলোড করা গেলো ! এর তুলনায় উইন্ডোজের এমএসডিএন সাইট থেকে ডাউনলোড স্পিড বেশ

ধীরগতির ও সেটা নিরবিচ্ছিন্নভাবে ডাউনলোড করা প্রায় অসম্ভব (আমি কখনোই পারিনি এটা)। উবুন্টু ডাউনলোডের এই স্পিডের একটা হয়তো পুরো পৃথিবীজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের উচ্চগতির ইন্টারনেট উবুন্টুর ডাউনলোডের জন্য উম্মুক্ত করে রাখে ।
ইনস্টলেশন
উবুন্টু ইনস্টলশনে খুব বড় কোন পরিবর্তন আনা হয়নি । মোট ছয়টা ধাপে ইনস্টলেশন । এটা বদলাবার খুব দরকারও যে আছে সেটাও না । এবারের নতুন সংযুক্তি বলতে ইনস্টলেশনের ধাপে ধাপে উবুন্টুর সাথে দেয়া বিভিন্ন সফটওয়্যারের বিবরণ দেখা যাবে । উবুন্টুর এই ভার্সনটি ইনস্টল করতে সময় লেগেছে ২৮ মিনিট ।
নতুন কি কি আছে
১.বুট টাইমিং : উবুন্টু গত রিলিজ থেকেই চেষ্টা চালাচ্ছে বুট টাইমিং উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে । কারমিক কোয়ালার বুট স্পিড দেখে এটা নিশ্চিত যে তারা এই কাজে ভালোই আগাচ্ছে । সব মিলিয়ে ১৮ সেকেন্ডে আমার ল্যাপটপ বুট হলো । তবে এটি অপটিমাইজ করে ৫ সেকেন্ডে নামিয়ে আনা সম্ভব ।
২. উবুন্টু সফটওয়্যার সেন্টার : ৯.০৪ পর্যন্ত উবুন্টুর গ্রাফিকাল ইন্টারফেস দিয়ে দুইভাবে সফটওয়্যার ইনস্টল করা যেতো – ১. এ্যাড-রিমুভ প্রগ্রামস দিয়ে, ২. সাইন্যাপটিক প্যাকেজ ম্যানেজমেন্টের মাধ্যমে । এই এ্যাড রিমুভ প্রগামসটাকে ঢেলে
সাজিয়ে “উবুন্টু সফটওয়্যার সেন্টার” নাম দেয়া হয়েছে ।


এতে প্রয়োজনীয় প্রায় সব সফটওয়্যারই আছে । ভবিষ্যতে এই সফটওয়্যার সেন্টারে ডেভেলপাররা তাদের সফটওয়্যার যোগ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ক্যানোনিকাল । এছাড়া আগের সেই সাইনাপ্টিকও রয়েছে । বিশেষ বিশেষ ক্ষেত্রে (যেমন লাটেখ প্যাকেজ এবং ইউটিলিটি) কোন নির্দিষ্ট প্যাকেজ খুঁজতে এটা বেশ কাজে দেয় ।
৩. এক্সটি ৪ ফাইল সিস্টেম : এক্সটি ৪ ফাইল সিস্টেম আগেই সাপোর্ট করতো উবুন্টুতে । এখন থেকে এটি ডিফল্ট হিসেবে থাকবে ।
৪. ডিফল্ট থিম ও আইকন সেট : উবুন্টু ডিফল্ট থিম পরিবর্তন করা হয়েছে । বেশ কিছু নতুন ওয়ালপেপার, থিম, আইকন উবুন্টুকে আগের থেকে দৃষ্টিনন্দন করছে ।
৫. ইনস্ট্যান্ট মেসেঞ্জার ক্লায়েন্ট : কারমিক কোয়ালাতে পুরনো পিজিন ইনস্ট্যান্ট মেসেঞ্জার ক্লায়েন্টের বদলে এমপ্যাথিকে ডিফল্ট করে দেয়া হয়েছে । ধারনা করা যায় পিজিনের ধীরগতির ডেভেলপমেন্টই এর জন্য দায়ি । এছাড়া এমপ্যাথিতে ভিডিও এবং ভয়েস চ্যাটের সুবিধা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেটি পিজিনে ছিলো না ।
৬. উবুন্টু ওয়ান : উবুন্টু ওয়ান ক্যানোনিকালের অনলাইন স্টোরেজ ফ্যাসিলিটি । এটি এখন থেকে ডিফল্ট হিসেবে ইনস্টল হবে । দুই গিগাবাইটের এই ফ্রি ড্রাইভ খুব দরকারি ডকুমেন্টের ব্যাকআপ হিসেবে অত্যন্ত ব্যবহারবান্ধব ও কার্যকরি । ফ্রি সার্ভিসের সাথে অতিরিক্ত ৫০ গিগাবাইট জায়গা ক্যানোনিকালের কাছ থেকে কিনে নেবার সুবিধাও পাওয়া যাচ্ছে । তবে এটি এখনও কারমিক কোয়ালার জন্য রিলিজ হয়নি । ক্যাপাবিলিট মিসম্যাচ উইথ সার্ভার – এরর মেসেজ দেখাচ্ছে আপাতত । বারবার এই এরর মেসেজ দেখা থেকে রেহাই পেতে preferences > startup applications থেকে এটি স্টার্টআপ থেকে বাদ দিতে পারেন ।
৭. ইন্টেল গ্রাফিক্স কার্ড ড্রাইভার : উবুন্টুর গত ভার্সনের (অর্থাত ৯.০৪) রিলিজ নোটে এরকম একটা কথার উল্লেখ ছিলো যে ইন্টেলের গ্রাফিক্স কার্ড ব্যবহারকারিরা “পারফর্মেন্স রিগ্রেশন”-এর শিকার হতে পারেন । ল্যাপটপে ইন্টেল গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডের ভালো কোন ড্রাইভার না থাকায় আমাকে উবুন্টু ৯.০৪ ইনস্টল করেও ৮.১০-এ ফেরত যেতে হয়েছিলো । উবুন্টু নতুন রিলিজ হওয়া এই ভার্সনে এই বিরক্তিকর সমস্যাটার সমাধান করা হয়েছে ।
৮. কম্পিউটার জ্যানিটর : নতুন এই ইউটিলিটি দিয়ে ব্যবহারকারিরা সহজেই অদরকারি ফাইল মুছে ফেলতে পারবেন পিসি থেকে ।
৯.জিনোম : জিনোম ২.২৮ কারমিক কোয়ালার সাথে আসছে । এই ভার্সনটির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো একটি ভালো ব্লুটুথ ম্যানেজার এবং ঢেলে সাজানো কন্টাক্ট, ক্যালেন্ডার এন্ট্রি, ওয়েবক্যাম ইউটিলিটি । বিস্তারিত দেখতে এখানে দেখুন । এখানে মনে রাখা জরুরী জিনোমের নতুন ভার্সনের সবকিছু উবুন্টুতে বাই ডিফল্ট ইনস্টল হবে না ।
১০.আইবাস ইনপুট মেথড : এখন থেকে বাংলায় (ইউনিবিজয়, আইট্রান্স) ইত্যাদি কিবোর্ড টাইপ করার জন্য আলাদা করে m17n ইনস্টল করার কোন প্রয়োজন নেই ।

সিস্টেমস প্রেফারেন্সেস থেকে IBUS preferences সিলেক্ট করে খুব সহজে কাঙ্খিত কিবোর্ড বেছে নেয়া যাবে । তবে এটা প্রতিবারই চালু করতে হয় যেটা একটু ঝামেলার । কোন কারনে এটা চালু না হলে হোম ফোল্ডারে যান । এরপর মেনু থেকে হিডেন ফাইল দেখার ব্যবস্থা করুন । এরপর .bashrc ফাইলটা খুঁজে বের করে কোন টেক্সটএডিটর দিয়ে ওটা ওপেন করুন । এরপর একদম নিচে একয়টি লাইন কপি-পেস্ট করে সেইভ করে বের হয়ে আসুন ।
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
ফাইল বন্ধ করে লগঅফ করে আবার লগইন করুন । এরপর কোন টেক্সট ফিল্ড খুলে সেখানে বাংলায় লিখতে চাইলে Cntrl + space চেপে কিবোর্ড পরিবর্তন করে নিন । এখানে খেয়াল রাখবেন আইবাসে কিবোর্ড সিলেক্ট করার সময় ইংরেজী কিবোর্ড আইস্পেল সিলেক্টের কোন প্রয়োজন নেই ।

স্টার্টআপে আইবাস যোগ করতে Preferences > Startup Applications-এ যান । সেখানে Add ক্লিক করে ibus-daemon যোগ করে নিন ।
১১. ফন্ট ইনস্টলেশন : ফন্ট ইনস্টলেশনের জন্য নতুন একটি ইউটিলিটি যোগ করা হয়েছে । এটা কুবুন্টুতে থাকলেও গত দুইটি বা তিনটি ভার্সনে উবুন্টু এই জিনিসটা বাদ দিয়েছিলো !

তবে এই ইউটিলিটি দিয়ে আপনি ইউজার লেভেলে ফন্ট ইনস্টল করতে পারবেন । সিস্টেম লেভেলে ফন্ট ইনস্টল না করতে পারলে ফায়ারফক্সে ফন্ট পরিবর্তন করেও লাভ হবে না । (এটাকি বাগ?)
আর কি করা যেতে পারতো এই ভার্সনে
১. পিজিন ছেড়ে এমপ্যাথিতে যাওয়া একটা ভালো পদক্ষেপ । একইরকমভাবে তারা ডিফল্ট মিউজিক প্লেয়ার বাঁশি (Banshee)-তে যেতে পারতো । বাঁশি জিনোম ইন্টারফেসে সবচেয়ে ভালো মিউজিক প্লেয়ার ।
২. এনটিএফএস অটোমাউন্ট করার অপশন থাকা উচিত । এখনও ডাবল ক্লিক করে এনটিএফএস ড্রাইভ মাউন্ট করতে হচ্ছে ।
৩. ভিপিএন কানেকশনের জন্য ডিফল্ট প্যাকেজগুলো ইনস্টল করা অবস্থায় থাকা উচিত ।
৪. ডেস্কটপে পরিচিত কম্পিউটার, হোম, ট্র্যাশ ফোল্ডার আনার জন্য সহজ কোন পদ্ধতি থাকা উচিত ।
শেষ কথা
উবুন্টুর এই ভার্সন নিয়ে সংক্ষেপে বলা যায় এটি আগের যেকোন ভার্সন থেকে দ্রুতগতির । সাথে ড্রাইভারগুলোর নতুন ভার্সন থাকাতে আমার ল্যাপটপের টাচ প্যাড, গ্রাফিক্স কার্ড খুব ভালো ভাবে চলছে । আপনারাও জলদি আপডেট করে নিন ।
{ 17 comments… read them below or add one }
ভালো রিভিউ। একটা ছোট টাইপো। IBUS এ bashrc বানানে ভুল আছে। স্বপ্নচারীউদ্ধৃতি
ধন্যবাদ স্বপ্নচারী । শুধরে নিলাম । হাসিবউদ্ধৃতি
চমতকার । বেশ বিস্তারিত লিখেছেন । ভালো লাগলো । মাঝে মাঝে কিছু প্রশ্ন নিয়ে হাজির হলে বিরক্ত হবেন না আশা করি । পাঠকউদ্ধৃতি
ভালো রিভিউ। পড়ে মনে হলো, আগের ভার্সন পরিবর্তন করার তেমন দরকার নাই আমার! মুকুলউদ্ধৃতি
ধন্যবাদ পাঠক, প্রশ্নে থাকলে সেগুলোর উত্তরের যথাসাধ্য চেষ্টা করবো । তবে বলে নেয়া ভালো । আমি ডাক্তার নই এই বিষয়ে । সামান্য হাতুড়ে ।
মুকুল, আপডেট করা দরকার কি দরকার না সেইটা একটা গুরুত্বপূর্ন প্রশ্ন । সবকিছু ঠিকমতো চললে আপডেট না করলেও হয় । আমি দীর্ঘদিন ৮.১০ ব্যবহার করলাম । ৯.০৪ কিছুদিন চালিয়ে আবার ৮.১০এ ফিরে গিয়েছিলাম । এর কারন গ্রাফিক্স কার্ডের ড্রাইভার । টাচ প্যাডের ড্রাইভার । ৯.১০তে এগুলো আছে । তবে এদুটো প্রসঙ্গ বাদ দিলেও আমি উবুন্টু ৯.১০তে বেশ ভালো উন্নতি দেখছি । অনেক প্যাকেজ আপডেট হয়েছে যেগুলো কিছু সফটওয়্যার ইনস্টল করতে সাহায্য করবে । এছাড়া সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হলো স্পিড । ৯.১০ আগের ভার্সনগুলো থেকে স্পিডি । আমার মনে হয় শুধু এই একটা কারনই মনে হয় যথেষ্ট নতুন ভার্সনের সুইচ করার । হাসিবউদ্ধৃতি
সুনডোর রিভিউ।
এই ভারশোন এর জোননো নোটুন কি কি পআকাজ আশশএ টা জানালে ওনেক উপোকার হবে।
প।স। বানান ওনেক ভুল গেসে আমার। খোমা পরারঠি। সাকিবউদ্ধৃতি
সাকিব, এখানে উবুন্টুর বিভিন্ন ভার্সন ও সেগুলোর সাথে দেয়া একটা প্যাকেজের তালিকা পাবেন । লিস্টে সবুজ রঙের প্যাকেজগুলোর লেটেস্ট ভার্সন সংশ্লিষ্ট ভার্সনে আছে । লাল রঙ বেটা ভার্সন বোঝায় । লিস্টে একবার চোখ বোলালে পুরো ব্যাপারটা আপনার কাছে পরিস্কার হবে ধারনা করি ।
পুনশ্চ: আমার এখানে বিভিন্ন কিবোর্ড আছে । যেকোন একটা সুবিধে মতো ব্যবহার করতে পারেন । হাসিবউদ্ধৃতি
হাসিব ভাই, আমার পিসি সেলেরন ২.২৬ গিগা প্রসেসর আর র্যাম ২৫৬ মেগা। এখন আমি যদি র্যাম ৫১২ মেগাতে আপগ্রেড করি তাহলে কি উবুন্টু ৯.১০ ব্যাভার করতে পারব? আর আমি চাচ্ছিলাম উইন্ডোজের সাথেই উবুন্টু ব্যাভার করতে? আমার পিসিতে সম্ভব? ইসানুরউদ্ধৃতি
চমৎকার রিভিউ!! জরুরী অনেকগুলি বিষয় জানা গেল।
অনেক ধন্যবাদ। শামীমউদ্ধৃতি
ইসানুর, এই ram নিয়ে উবুন্টু ইনস্টল করা যাবে কিনা নিশ্চিত না । গেলেও সেটা স্লো চলার কথা । আপনি xubuntu ট্রাই করে দেখতে পারেন ।
শামীম, ধন্যবাদ আপনাকে । হাসিবউদ্ধৃতি
চমৎকার একটা রিভিউ। অনেক অনেক ধন্যবাদ। ম্যাকউদ্ধৃতি
হাসিব ভাই, উইন্ডোজে থাকা অবস্থায় উবি(Wubi) আর ভার্চুয়াল বক্সের মাধ্যমে উবুন্টু ব্যবহারের মধ্যে পার্থক্য কি? ইসানুরউদ্ধৃতি
http://www.techsupportforum.com/alternative-computing/linux-support/408739-wubi-vs-virtualbox-ubuntu-winvista-machine.html এখানে গেলে বিস্তারিত জানা যাবে ইসানুর । হাসিবউদ্ধৃতি
উবুন্টুর সাথে পরিচয় তাও আবার ৯.১০ এর হাত ধরে। আমি উবুন্টুর একজন নতুন ব্যবহারকারি হিসেবে বলতে পারি। উবুন্টু সত্যিই দারুন একটি অপারেটিং সিস্টেম।
এখন আর ইউন্ডোজ ভাল লাগেনা। হিমেলউদ্ধৃতি
উবুন্টু ১০.০৪ এর বেটা টেস্ট করেছেন ? মুকুলউদ্ধৃতি
আমি বেটা টেস্ট করি না । কম্পিউটারে বহুত গুরুত্বপূর্ন জিনিস ভর্তি । একবার গেলে বসে পড়ে কানতে হবে । আর দুই সপ্তাহ আছে নতুনটা বের হবার । আমি তেমন আগ্রহ পাচ্ছি না যদিও । ৯.১০ টাই ভালো চলতেছে । হাসিবউদ্ধৃতি
কয়েক ঘন্টা হল লুসিড চালাচ্ছি, ভালোই মনে হল আমার কাছে। লুসিড নিয়ে এখানে একটা রিভিউ পেলাম…
মজার ব্যাপার হচ্ছে উবুন্টু লুসিডের রিভিউ খুজতে গিয়ে আপনার কারমিকে এসে পড়েছি।
সুজনউদ্ধৃতি